বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান
- আপডেট সময় ০২:১৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / 14
আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬৩৬ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ব্যবস্থা করতে সম্মত হয়েছে জাপান। প্রস্তাবিত এই বিনিয়োগের অর্থ অটোমোবাইল, অন্যান্য উৎপাদন শিল্প এবং জ্বালানি অবকাঠামো খাতে আসতে পারে। জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে নিক্কেই জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে জাপানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ওই বৈঠকের পর প্রকাশিতব্য দুই দেশের যৌথ বিবৃতিতে বিনিয়োগের এই পরিকল্পনার বিষয়টি উল্লেখ থাকার কথা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত বিনিয়োগের বড় অংশ অটোমোবাইল ও অন্যান্য উৎপাদনশিল্পে আসতে পারে। পাশাপাশি বাংলাদেশের জ্বালানি অবকাঠামো নির্মাণেও জাপানি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এসব খাতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের শিল্প উৎপাদন ও অবকাঠামোগত উন্নয়নে নতুন সুযোগ তৈরি হতে পারে।
নিক্কেইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাপানি বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ বিভিন্ন অংশীদারের উদ্যোগে গড়ে তোলা ‘বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে’ বিভিন্ন কোম্পানির প্রবেশও এই বিনিয়োগ পরিকল্পনার আওতায় থাকতে পারে।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিল্প খাতের সম্প্রসারণের ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষ করে উৎপাদন খাতে বৈচিত্র্য আনা, নতুন শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণ এবং জ্বালানি অবকাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে জাপানি বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে।
জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। দুই দেশের মধ্যে অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা রয়েছে।
তবে প্রস্তাবিত বিনিয়োগের খাতভিত্তিক সুনির্দিষ্ট বরাদ্দ, প্রকল্পের বিস্তারিত বিবরণ এবং অর্থ ছাড়ের সময়সূচি সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

























