বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ
- আপডেট সময় ০৭:৩৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / 33
মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম সংগীতশিল্পী প্রীতম হাসানের সঙ্গে দীর্ঘ ১০ বছরের সম্পর্কের ইতি টানার পর সামাজিক মাধ্যমে নতুন কিছু ছবি প্রকাশ করেছেন। প্রকৃতির মাঝে হাসিমুখে সময় কাটানোর এসব ছবির সঙ্গে কোনো দীর্ঘ ক্যাপশন না দিলেও একটি উড়ন্ত পায়রার ইমোজি যুক্ত করেছেন তিনি। বিচ্ছেদের খবরের পর শেহতাজের নতুন এই ছবিগুলো ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
রোববার (১৮ অক্টোবর) ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন শেহতাজ। ছবিগুলোতে তাকে বন্য পরিবেশে ঘুরে বেড়াতে এবং বন্য প্রাণীর ছবি তুলতে দেখা যায়। পাশাপাশি নিজেরও কয়েকটি ছবি তুলেছেন তিনি। ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, দেশের বাইরের কোনো পর্যটনকেন্দ্রে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।
প্রকাশিত ছবিতে শেহতাজকে বেশ হাসিখুশি দেখাচ্ছে। তবে কোথায় ঘুরতে গেছেন কিংবা বিচ্ছেদের পর নিজের বর্তমান অনুভূতি কেমন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ছবির সঙ্গে শুধু একটি উড়ন্ত পায়রার ইমোজি যুক্ত করেছেন।
গত ৫ অক্টোবর রাতে সামাজিক মাধ্যমে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম হাসান ও শেহতাজ। পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের অক্টোবরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে বিয়ে করেছিলেন তারা।
বিচ্ছেদের ঘোষণা দিয়ে দুজনই জানান, দীর্ঘ ১০ বছরের পথচলায় জমে থাকা স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তারা একে অপরের প্রতি কৃতজ্ঞ। সম্পর্কের ইতি টানলেও পরস্পরের প্রতি সম্মান ও শুভকামনা সব সময় বজায় থাকবে বলে জানান তারা।
বিচ্ছেদের খবর প্রকাশের পর শেহতাজের নতুন ছবিতে প্রকৃতির মাঝে তার হাসিমুখই নজর কেড়েছে। তবে ছবিগুলোর মাধ্যমে কোনো বিশেষ বার্তা দিতে চেয়েছেন কি না, সে বিষয়ে অভিনেত্রী নিজে কিছু জানাননি।

























