অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ৭ পরিবর্তন আনছে ব্রাজিল
- আপডেট সময় ০৪:৩৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 28
ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে দলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) অনুশীলনে আগের ম্যাচের একাদশ থেকে সাতজনকে পরিবর্তন করে দল সাজান তিনি।
গত শুক্রবার টাউনসভিলে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। ওই ম্যাচের পর আনচেলত্তি একাদশে পরিবর্তনের কথা জানিয়েছিলেন। এবার কৌশলেও পরিবর্তন এনে ৪-৩-৩ ফরমেশনে অনুশীলন করিয়েছেন তিনি। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে এ তথ্য জানিয়েছে।
গোলরক্ষক নিয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। রোববারের অনুশীলনে শুরুতে ওতাভিওকে মূল দলে রাখা হলেও হুগো ও মরিসকোকেও আগে মূল দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে।
আগের ম্যাচের একাদশ থেকে এবার শুধু দানিলো, ব্রুনো গিমারায়েস, ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া জায়গা ধরে রেখেছেন। তবে রাফিনিয়াকে এবার সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলানোর পরিকল্পনা করছেন আনচেলত্তি। বার্সেলোনার হয়ে আক্রমণভাগে দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়া আট ম্যাচে ১৪ গোল করেছেন।
অনুশীলনের শেষ দিকে মাঝমাঠ ও আক্রমণভাগে বিভিন্ন সমন্বয়ও পরীক্ষা করেন আনচেলত্তি। সোমবার আরও একটি অনুশীলনের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে চূড়ান্ত একাদশ ঠিক করবে ব্রাজিল। দুই দল মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে মুখোমুখি হবে।
সম্ভাব্য একাদশ:
ওতাভিও; ভান্দারসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মাউরো জুনিয়র; দানিলো, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল বোনতেম্পো; রায়ান, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।


























