দেশে মেধার অভাব নেই, প্রয়োজন গবেষণার সুযোগ: মাহদী আমিন
- আপডেট সময় ০৫:৩৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 36
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, বাংলাদেশে মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীর অভাব নেই। তবে গবেষণার জন্য প্রয়োজনীয় সুযোগ, পরিবেশ ও সহায়তার ঘাটতি রয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ‘স্টেম ফর আ ফিউচার-রেডি বাংলাদেশ: বিল্ডিং দ্য ব্যাকবোন অব দ্য ইনোভেটিভ ইকোনমি’ শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, দেশের অনেক শিক্ষার্থী বিদেশে গিয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় ভালো সাফল্য অর্জন করছেন। এতে বোঝা যায়, সমস্যাটি মেধার নয়; বরং গবেষণার সুযোগ ও সহায়তার অভাব রয়েছে।
তিনি আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার সংস্কৃতি গড়ে তুলতে হবে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বাড়ানো প্রয়োজন। সাবেক শিক্ষার্থী, গবেষণা অনুদান এবং করপোরেট খাতের সহায়তা গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, অনেক বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় গবেষণাগার, জার্নাল ও ইন্টারনেট সুবিধার ঘাটতি রয়েছে। এসব সীমাবদ্ধতা দূর করে গবেষণার পরিবেশ তৈরি করতে হবে।
তিনি বলেন, শুধু ঢাকাকেন্দ্রিক নয়, দেশের বিভিন্ন অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোকে স্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা গেলে গবেষণা ও উদ্ভাবনের নতুন সুযোগ সৃষ্টি হবে।
মাহদী আমিন মনে করেন, তরুণদের মেধা, শিল্প খাতের চাহিদা এবং বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা একসঙ্গে কাজে লাগাতে পারলে দেশে শক্তিশালী গবেষণা সংস্কৃতি গড়ে তোলা সম্ভব হবে।

























