মাঝপদ্মায় ইঞ্জিন বিকল, স্রোতে দেড় কিলোমিটার ভেসে গেল ফেরি
- আপডেট সময় ০৪:১৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 22
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাওয়ার পথে মাঝপদ্মায় ইঞ্জিন বিকল হয়ে তীব্র স্রোতে প্রায় দেড় কিলোমিটার ভেসে গেছে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। এতে ফেরিতে থাকা যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাঝনদীতে এ ঘটনা ঘটে বলে জানান বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার এজিএম মো. সালাহউদ্দিন।
তিনি জানান, সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যায় ফেরিটি। মাঝপদ্মায় পৌঁছানোর পর তীব্র স্রোতের মধ্যে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ফেরিটি আর সামনে এগোতে পারেনি। একপর্যায়ে স্রোতের টানে সেটি প্রায় দেড় কিলোমিটার দূরে ভেসে যায়।
এ সময় ফেরিতে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে আইডি ইঞ্জিনের সহায়তায় ফেরিটিকে উদ্ধার করে পাটুরিয়া ঘাটে ফিরিয়ে নেওয়া হয়।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের মেরিন বিভাগের কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন দুপুর ২টার দিকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ফেরিটি স্রোতে কয়েক কিলোমিটার দূরে সরে গিয়েছিল। আইডি ইঞ্জিনের সহায়তায় সেটিকে উদ্ধার করে দুপুর ২টার দিকে পাটুরিয়া ঘাটে ফিরিয়ে আনা হয়।
তিনি আরও জানান, ফেরিটি ঘাটে ভেড়ার পর যাত্রী ও যানবাহনগুলো খানজাহান আলী ফেরিতে তোলার কাজ চলছে। পরে সেগুলো দৌলতদিয়া ফেরিঘাটে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

























