বাংলাদেশ সেমিফাইনালের পথে এগিয়ে যেতে চায় শ্রীলঙ্কাকে হারিয়ে
- আপডেট সময় ১০:৫৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 28
ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ নারী ক্রিকেট দল এবার মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার। গ্রুপ পর্বে নিজেদের অবস্থান শক্ত করার পাশাপাশি সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে লঙ্কানদের হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল।
রোববার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
টুর্নামেন্টের শুরু থেকেই ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের। তবে সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হওয়া এড়াতে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখা গুরুত্বপূর্ণ। সে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে জয় বাংলাদেশের জন্য বেশ তাৎপর্যপূর্ণ।
বিসিবির প্রকাশিত এক ভিডিওবার্তায় দলের ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা বলেন, শ্রীলঙ্কাকে হারাতে পারলে সেমিফাইনালে ওঠার পথ অনেকটাই সহজ হয়ে যাবে। এতে দলও নিজেদের মূল লক্ষ্যের আরও কাছে পৌঁছাতে পারবে।
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ১২৯ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাবে প্রতিপক্ষকে ৭১ রানে হারিয়ে দারুণ জয় তুলে নেয় টাইগ্রেসরা। ব্যাটিংয়ে প্রত্যাশিত ছন্দ পুরোপুরি দেখা না গেলেও বোলারদের কার্যকর পারফরম্যান্সে ম্যাচটি সহজেই নিজেদের করে নেয় বাংলাদেশ।
প্রথম ম্যাচের অভিজ্ঞতা শ্রীলঙ্কার বিপক্ষে কাজে লাগাতে চান জয়িতা। তাঁর মতে, আগের ম্যাচে মাঠের পরিবেশ ও উইকেটের আচরণ সম্পর্কে ধারণা পাওয়ায় পরবর্তী ম্যাচে প্রস্তুতি নেওয়া তুলনামূলক সহজ হবে।
ব্যক্তিগতভাবেও নিজের ভূমিকা নিয়ে আত্মবিশ্বাসী এই ওপেনার। পাওয়ার প্লের সুযোগ কাজে লাগিয়ে দ্রুত রান তুলে দলকে ভালো শুরু এনে দেওয়ার প্রত্যাশা করছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে গ্রুপে বাংলাদেশের অবস্থান আরও শক্ত হবে এবং সেমিফাইনালের সমীকরণও অনেকটাই অনুকূলে চলে আসবে।
























