ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, জারি রেড অ্যালার্ট
- আপডেট সময় ১১:৫১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / 6
ভারতের রাজধানী দিল্লিতে হঠাৎ করেই শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। দুপুরের পর আকাশ কালো মেঘে ঢেকে যায়। এর কিছুক্ষণ পর ঝোড়ো বাতাসের সঙ্গে শুরু হয় ভারী বৃষ্টি। আকস্মিক এই বৈরী আবহাওয়ায় ব্যাহত হয়েছে নগরীর স্বাভাবিক জীবনযাত্রা। পরিস্থিতি বিবেচনায় আবহাওয়া দপ্তর জরুরি ভিত্তিতে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে।
জন্মাষ্টমীর উৎসব উপলক্ষে যারা বিভিন্ন কাজে বাইরে বেরিয়েছিলেন, তারাও পড়েন দুর্ভোগে। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করেন। বৃষ্টির তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে পানি জমে যায়। এতে যানবাহন চলাচলও ব্যাহত হয়ে তৈরি হয় দীর্ঘ যানজট।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দিল্লির পালম, নজফগড়সহ কয়েকটি এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
টানা বৃষ্টির ফলে দিল্লির নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার আশঙ্কাও বেড়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে রাস্তায় বের হলে সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
সূত্র: এনডিটিভি























