মির্জা আব্বাস দেশে ফিরে; যোগ দিয়েছেন নিজ দাফতরিক কাজে
- আপডেট সময় ০৫:০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 37
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরে জাতীয় সংসদে নিজ দফতরে দাফতরিক কাজ শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। পাশাপাশি তিনি সংসদের চলমান অধিবেশনেও অংশ নেবেন।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফেরার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সংসদে নিজের কার্যালয়ে যান মির্জা আব্বাস। সেখানে তিনি প্রথম দিনের মতো দাফতরিক কার্যক্রমে অংশ নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাস বৃহস্পতিবার দুপুরে সংসদে তার নিজ দফতরে গিয়ে দাফতরিক কাজ করেন। পরে তিনি সংসদ অধিবেশনে যোগ দেবেন।
প্রায় সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাত সাড়ে ৯টার দিকে দেশে ফেরেন মির্জা আব্বাস। এ সময় তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাসও ছিলেন।
গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর পরবর্তী সময়ে মালয়েশিয়ায়ও চিকিৎসা নেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস। বর্তমানে তিনি দলটির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।





















