১৭ বছর পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন ভেনেজুয়েলার
- আপডেট সময় ০৮:৫২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 34
ইসরায়েলের সঙ্গে ১৭ বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার নীতির অংশ হিসেবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকারের উদ্যোগে দুই দেশের মধ্যে এ সমঝোতা হয়েছে বলে মঙ্গলবার (১১ আগস্ট) প্রকাশিত মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র অপহরণ করার পর ভেনেজুয়েলার দায়িত্ব নেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এরপর তার সরকারের মার্কিনমুখী নীতির পরিবর্তনের ধারাবাহিকতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের পথ তৈরি হয়।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, দুই দেশ একে অপরের নাগরিকদের কনস্যুলার সেবা নিশ্চিত করতে একটি সমন্বয় প্রক্রিয়া গঠনে সম্মত হয়েছে। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ফেলিক্স প্লাসেনসিয়া গঞ্জালেসও একই বিষয়ে বার্তা দিয়েছেন।
দুই দেশের সম্পর্ক পুনঃস্থাপনের ক্ষেত্রে ভেনেজুয়েলায় বসবাসরত প্রায় ৬ হাজার ইহুদি সম্প্রদায়ের সঙ্গে ইসরায়েলের যোগাযোগের বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০০৯ সালে সাবেক বামপন্থী প্রেসিডেন্ট উগো চাভেজের আমলে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ভেনেজুয়েলা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। পরে নিকোলাস মাদুরোর শাসনামলেও দুই দেশের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্নই ছিল।
মাদুরোকে অপহরণের পর গত ফেব্রুয়ারিতে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ভেনেজুয়েলার তেল ইসরায়েলে পাঠানো হয়েছে। এর আগে গত জুনে ভেনেজুয়েলায় একটি ভয়াবহ ভূমিকম্পে ৬ হাজার মানুষের মৃত্যুর পর ইসরায়েল দেশটিতে ত্রাণ ও সহায়তা পাঠায়।
এদিকে গাজায় ৭৩ হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার প্রেক্ষাপটেও সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার কয়েকটি ডানপন্থী সরকারের কাছ থেকে ইসরায়েল সমর্থন পাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত মাসে কলম্বিয়ার নতুন ফার-রাইট প্রেসিডেন্ট আবোলার্দো দে লা এসপ্রিয়েয়া জেরুজালেমে একটি বিতর্কিত দূতাবাস খোলার ঘোষণা দেন। একই সঙ্গে সিরিয়ার দখলকৃত গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকার করার কথাও জানান তিনি।
অন্যদিকে, হন্ডুরাসের প্রেসিডেন্ট নাসরি আসফুরা জাবলাও ইসরায়েলে রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
সূত্র: মিডল ইস্ট আই

























