রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠাল সংসদ সচিবালয়
- আপডেট সময় ০১:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 17
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। ভোটার তালিকা পাওয়ার পর নির্বাচনের তফসিল ও পরবর্তী কার্যক্রম নির্ধারণে বৃহস্পতিবার (৬ আগস্ট) বৈঠকে বসছে নির্বাচন কমিশন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়। এ লক্ষ্যে ভোটার তালিকা চূড়ান্ত করে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ সদস্যরা গোপন ভোটে ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
এর আগে সোমবার (৩ আগস্ট) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ জানান, ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়ের কাছে অনুরোধ জানানো হয়েছে। তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও তফসিল নিয়ে কমিশন আলোচনা করবে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছেন।




















