বিদেশি শিক্ষার্থীদের চাকরিতে ১ লাখ ডলার ফি আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
- আপডেট সময় ০৩:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / 26
যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষ করে চাকরি করতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের জন্য অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচিতে ১ লাখ ডলার ফি আরোপের পরিকল্পনা বিবেচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রস্তাবটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক শিক্ষার্থী, মার্কিন বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ওপিটি কর্মসূচির সঙ্গে নতুন এ ফি যুক্ত করার বিষয়টি বিবেচনা করছে। ওপিটি কর্মসূচির আওতায় বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর ছাত্র ভিসার অধীনে এক থেকে তিন বছর দেশটিতে কাজ করার সুযোগ পান।
প্রস্তাবটি কার্যকর হলে বিদেশি শিক্ষার্থী আকর্ষণের ওপর নির্ভরশীল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি আন্তর্জাতিক স্নাতকদের প্রযুক্তিগত বিভিন্ন পদে নিয়োগ দেওয়া সিলিকন ভ্যালি ও ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানগুলোও এর প্রভাবের মুখে পড়তে পারে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ৪ লাখ ১৯ হাজার বিদেশি নাগরিক ওপিটি কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের এইচ-১বি ভিসার আবেদন প্রক্রিয়ায় বছরে ১ লাখ ডলার ফি আরোপের ঘোষণা দিয়েছিল। তবে গত সপ্তাহে একটি মার্কিন আপিল আদালত সেই সিদ্ধান্ত কার্যকরের ওপর স্থগিতাদেশ দেন।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওপিটি কর্মসূচিতে নতুন ফি আরোপের প্রস্তাবটি এখনো যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে আলোচনা পর্যায়ে রয়েছে।
হোয়াইট হাউস শেষ পর্যন্ত এ প্রস্তাব অনুমোদন দেবে কি না, কিংবা সম্ভাব্য ১ লাখ ডলারের ফি শিক্ষার্থীরা নাকি তাদের নিয়োগকর্তা পরিশোধ করবেন—এসব বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
























