ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধার মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ
- আপডেট সময় ০৭:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / 0
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফুল মেহের (৭৯) নামে এক বৃদ্ধার গলায় রশি পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে শ্বাসরোধে হত্যা করার পর গলায় ও কানে থাকা প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে উপজেলার দুলারামপুর গ্রামের বাবর আলী সরকারের বাড়ির উঠান থেকে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় ফুল মেহেরের মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার সোনারামপুর ইউনিয়নের পশ্চিম সোনারামপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আনু মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার থেকে পাঁচ দিন আগে ফুল মেহের তার বাবার বাড়ি দুলারামপুর গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা বাড়ির উঠানে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের বড় ছেলে মোস্তফা কামাল অভিযোগ করেন, তার মাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, হত্যার সময় তার মায়ের গলা ও কানে থাকা প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়েছে। তার ধারণা, স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার সময় পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় দুর্বৃত্তরা তার মাকে হত্যা করে।
তিনি আরও অভিযোগ করেন, বুধবার (১ জুলাই) দুপুরে মিনা নামে এক প্রতিবেশী নারী তার মাকে খাবারের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধারের খবর পান বলে জানান তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের ছেলে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন মিয়া বলেন, গলায় রশি পেঁচানো অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
























