কোরবানির পশুর হাটে ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’র মূল্য ৯ লাখ
- আপডেট সময় ০২:২৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / 77
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুর হাটে উৎসুক ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে একটি কোরবানির গরুর নাম রাখা হয়েছে ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’। কালো রঙের বিশাল আকৃতির এই গরুটি অতিরিক্ত চিৎকার করে এবং প্রচুর পরিমাণে খাবার খায়। পশুর স্বভাবের সাথে মিল রেখে এবং শখের বশে খামারি নিজের পালিত গরুর এমন বিচিত্র নামকরণ করেছেন বলে জানা গেছে।
গত রোববার (২৪ মে ২০২৬) সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুটি ও তার মালিকের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে কালো রঙের এই বিশাল ষাঁড়টিকে একনজর দেখতে কোরবানির হাটে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, পশুর হাটে দাঁড়িয়ে গরুর মালিক নিজেই এই নামকরণের কারণ ব্যাখ্যা করছেন। খামারি জানান, অতিরিক্ত চিৎকার করার কারণেই তিনি গরুটির নাম ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’ রেখেছেন। বিশেষ করে খাবার কম পড়লেই গরুটি বেশি চিৎকার করতে থাকে। এর খাদ্যাভ্যাস সম্পর্কে মালিক উল্লেখ করেন, বিশালাকৃতির এই ষাঁড়টি এক চুমুকেই প্রায় ১২ কেজি চালের জাউ খেয়ে ফেলে। এছাড়া প্রতিদিনের নিয়মিত খাবার হিসেবে ঘাস ও খড় তো দিতেই হয়। বর্তমানে কোরবানির এই পশুটির দাম হাঁকা হচ্ছে ৯ লাখ টাকা। এই দামে ক্রেতা পাওয়া গেলে গরুটি বিক্রি করা হবে বলে খামারি জানিয়েছেন।
এদিকে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে নানামুখী রসাত্মক ও কৌতূহলী প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই ভিডিওর মন্তব্য ঘরে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। খোরশেদ আলম নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, নাম শুনে গরু রাগ করবে না তো। হিরণ আলী নামে আরেকজন মন্তব্য করেছেন, অতিরিক্ত ফিড খাওয়ানোর কারণে অস্থিরতা থেকে গরুটি এমন চিৎকার করতে পারে। মো. মহসিন হোসেন এটিকে একটি সুন্দর নাম হিসেবে অভিহিত করেছেন। এছাড়া সাব্বির আহমেদ প্রতীক নামে আরেকজন ব্যবহারকারী রসিকতা করে মন্তব্য করেছেন যে, পাটওয়ারীর শেষ রক্ষা হলো না। ঈদের আগে পশুর হাটের এই বিচিত্র নামকরণ ও ভাইরাল ভিডিওটি নেটিজেনদের মাঝে বেশ বিনোদন জোগাচ্ছে।


























