মে দিবসে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ: প্রধান অতিথি হিসেবে থাকছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় ০৭:৫৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / 1
মহান মে দিবস উপলক্ষে আগামী শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার দুপুর ২টায় এই সমাবেশ শুরু হবে। এবারের মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশের আয়োজন করছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
নজরুল ইসলাম খান বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। রাজধানীতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম জনসভা হতে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। সমাবেশকে সফল করতে ইতোমধ্যে ব্যানার-ফেস্টুনসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে শ্রমিক দল।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দেশের শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশগ্রহণ করে তাদের দাবি-দাওয়া তুলে ধরবেন। বর্তমান দেশের শ্রম পরিস্থিতি ও জাতীয় রাজনীতির সমসাময়িকে বিভিন্ন দিক নিয়ে সমাবেশে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপুসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

























