১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি: মহাসমাবেশ ও সমাবেশের ঘোষণা
- আপডেট সময় ০৫:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / 19
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশ ও বিভাগীয় সমাবেশসহ কয়েক মাসব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৬ মে রাজশাহীতে সমাবেশের মাধ্যমে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সফর শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে ১৩ জুন চট্টগ্রামে, ২০ জুন খুলনায়, ২৭ জুন ময়মনসিংহে, ১১ জুলাই রংপুরে, ১৮ জুলাই বরিশালে এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে সংশ্লিষ্ট সিটি করপোরেশনসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন ঈদুল আজহার কথা বিবেচনা করে মে মাসে কেবল একটি বিভাগীয় সমাবেশ রাখা হয়েছে। ঈদের ছুটি শেষে জুন মাস থেকে পুরোদমে রাজপথের আন্দোলন ও সমাবেশ শুরু করবে জোটটি। মাঠ পর্যায়ের কার্যক্রম গতিশীল করতে জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে ১১ দলের বৈঠকে।
হামিদুর রহমান আযাদ বলেন, বিভাগীয় সমাবেশের পাশাপাশি রাজধানী ঢাকাসহ সারা দেশে পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি পালন করা হবে। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আগামী অক্টোবরে রাজধানীতে বিশাল মহাসমাবেশ করার ঘোষণা দেন তিনি। এর আগে বেলা ১১টায় চলমান আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নির্ধারণে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি এক বৈঠকে মিলিত হয়।
জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনগণের রায় ও সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই এই দীর্ঘমেয়াদী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই আন্দোলনের মাধ্যমে তারা নাগরিক সমাজের সমর্থন ও সংহতি আদায়ের চেষ্টা করবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

























