কুষ্টিয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ৩
- আপডেট সময় ০৩:৩১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / 23
কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ৩ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. জিসান (২১), জুয়েল রানা (২০) ও মো. শাওন (১৭)। পুলিশ তাদের ছাত্রলীগের কর্মী-সমর্থক হিসেবে শনাক্ত করেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেলের ব্যক্তিগত ফেসবুক আইডিতে মোটরসাইকেলে একটি ঝটিকা মিছিলের ২৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়।
ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসনের নজরে আসে। এরপরই বুধবার সকালে শেরকান্দি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভিডিওতে থাকা মিছিলে জড়িত থাকার সন্দেহে ওই তিনজনকে আটক করে পুলিশ।
আটককৃতদের পরবর্তীতে ২০২৪ সালের ১৫ অক্টোবর এক বৈষম্যবিরোধী ছাত্রের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঝটিকা মিছিলের কারণে গ্রেপ্তারের বিষয়টি সরাসরি স্বীকার করেননি।
তার দাবি, একটি পুরোনো বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া পৃথক একটি মারামারি মামলায় মাহফুজ (২৫) নামের আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেল দাবি করেছেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার রাতে কুমারখালী কাজীপাড়া এলাকায় একটি মোটরসাইকেল মিছিল করা হয়।
এই মিছিলের জেরে তার তিন কর্মীকে বেআইনিভাবে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানান।
পুলিশি অভিযান ও গ্রেপ্তারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম এবং মিছিলের ভিডিও প্রকাশের বিষয়টি নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তদারকি আরও জোরদার করেছে।




















