যানজট কমাতে এআই ট্রাফিক ব্যবহারের সিদ্ধান্ত
- আপডেট সময় ০৭:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 29
ঢাকার যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সমন্বয় করে পরিচালনা করা হবে, যাতে একটি সংস্থা রাস্তা খোঁড়ার পর অন্য সংস্থা একই জায়গায় আবার খোঁড়াখুঁড়ি না করে। একই সঙ্গে ইউটিলিটি স্থানান্তরসহ প্রয়োজনীয় কাজগুলো সমন্বয়ের মাধ্যমে করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, রাজধানীর যানজট নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। এতে যান চলাচলে শৃঙ্খলা ফিরছে এবং নগরবাসী এর সুফল পাচ্ছেন।
এ ছাড়া এমআরটি, সড়ক বিভাগ, সেতু কর্তৃপক্ষ, সিটি করপোরেশন, ওয়াসা ও ডেসাসহ বিভিন্ন সংস্থার মেগা প্রকল্পের কাজ তদারকিতে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। অগ্রগতি পর্যালোচনায় নিয়মিত সমন্বয় সভার পাশাপাশি কর্মকর্তা পর্যায়ে সাব-কমিটির মাধ্যমে যোগাযোগ রাখা হবে।
রাজধানীর ওপর চাপ কমাতে গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়ার আন্তঃজেলা বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরই মধ্যে জমি অধিগ্রহণ ও পরিকল্পনার কাজ চলছে।
যানজটের অন্যতম কারণ হিসেবে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলের কথাও উল্লেখ করেন মন্ত্রী। এসব যানবাহনকে নীতিমালার আওতায় আনার কাজ চলছে। পাশাপাশি অবৈধভাবে গড়ে ওঠা ব্যাটারিচালিত যানবাহনের চার্জিং পয়েন্টের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন তার সাংবিধানিক ও আইনগত এখতিয়ার অনুযায়ী কাজ করে। তবে এ বিষয়ে সরকারি সংস্থা ও মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় প্রয়োজন। ১৭ সেপ্টেম্বর সচিবদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।



















