শতভাগ সাক্ষরতার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ
- আপডেট সময় ০২:৩৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 24
গত পাঁচ বছরে দেশে সাক্ষরতার হার বেড়েছে মাত্র ২ দশমিক ৩ শতাংশ। এখনো দেশের প্রায় ২২ শতাংশ মানুষ, অর্থাৎ প্রায় চার কোটি মানুষ পড়তে ও লিখতে পারেন না। এই পরিস্থিতিতে শতভাগ সাক্ষরতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তেজগাঁওয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, যারা এখনো শিক্ষার বাইরে রয়েছেন, তাদেরও সাক্ষরতার আওতায় আনতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। দেশের নিরক্ষর জনগোষ্ঠীকে পড়াশোনা ও লেখাপড়ার মৌলিক দক্ষতার আওতায় আনার লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
শিশুদের স্কুলমুখী করতে মিড-ডে মিল, স্কুল ড্রেসসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও জানান প্রতিমন্ত্রী। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে প্রয়োজন হলে আরও সুযোগ-সুবিধা যুক্ত করা হবে বলেও তিনি জানান।
ববি হাজ্জাজ বলেন, নৈতিকতা ও কর্মদক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। একই সঙ্গে শিক্ষার বাইরে থাকা শিশু ও শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
আলোচনা সভায় অংশ নেওয়া বক্তারাও শিক্ষার বাইরে থাকা শিশু ও শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে সব ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন।




















