সচিবালয়ে প্রধানমন্ত্রীর ‘সারপ্রাইজ ভিজিট’, দফতরে দফতরে আকস্মিক পরিদর্শন
- আপডেট সময় ১১:২৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 28
দীর্ঘ ঈদের ছুটি কাটিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবসেই এক ভিন্নধর্মী চমক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সচিবালয়ে প্রবেশের পর প্রথাগত নিয়ম ভেঙে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে আকস্মিক পরিদর্শনে যান সরকারপ্রধান।
সাধারণত সচিবালয়ে পৌঁছে সরাসরি নিজ কার্যালয়ে যাওয়ার রীতি থাকলেও আজ গাড়ি থেকে নেমেই তিনি সরাসরি চলে যান সচিবালয়ের ৬ নম্বর ভবনে। প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফরে কর্মকর্তাদের মধ্যে ব্যাপক তৎপরতা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সচিবালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী ভবনটিতে অবস্থিত বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
এরপর তিনি পাশের গণপূর্ত মন্ত্রণালয়েও যান। প্রতিটি দফতরে গিয়ে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের উপস্থিতির হার পর্যবেক্ষণ করেন এবং গুরুত্বপূর্ণ ফাইল নিষ্পত্তির বিষয়ে খোঁজখবর নেন। উল্লেখযোগ্য বিষয় ছিল, প্রধানমন্ত্রী কোনো লিফট ব্যবহার না করে বরং পায়ে হেঁটেই বিভিন্ন ফ্লোরে দফতরগুলো পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফরকালে তার সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি কাজে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতেই ঈদের পর প্রথম দিনেই এমন পদক্ষেপ নিয়েছেন সরকারপ্রধান।
বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন শেষে তিনি পুনরায় সচিবালয়ে অবস্থিত তার নির্ধারিত নিজ দফতরে ফিরে গিয়ে দাপ্তরিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।


























