সংসদ ওয়াকআউট করে জনগণের অধিকার ক্ষুণ্ন করবেন না: স্পিকার
- আপডেট সময় ০৬:২০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / 17
সংসদীয় গণতন্ত্র সমুন্নত রাখতে কারণে-অকারণে সংসদ থেকে ওয়াকআউট না করতে বিরোধীদলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
একইসঙ্গে সংসদীয় কার্যক্রমে গতিশীলতা আনতে বিরোধীদলের সঙ্গে সমঝোতার পথ খুঁজতে সরকারি দলের প্রতিও আহ্বান জানান তিনি। আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল সার্কিট হাউসে স্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “সংসদ ওয়াকআউট করা বিরোধীদলের একটি গণতান্ত্রিক অধিকার এবং এটি রাজনৈতিক চর্চার অংশ। তবে রাজনৈতিক কারণে দীর্ঘ সময় সংসদ বয়কট করলে শেষ পর্যন্ত সংসদই ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ জনগণ তাদের অধিকার হারায়।” তিনি সংসদকে কার্যকর রাখতে উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন।
বিগত ১৬ বছরের শাসনের কড়া সমালোচনা করে স্পিকার বলেন, “আমাদের জাতীয় জীবনের সবচেয়ে অন্ধকার সময় ছিল বিগত দেড় দশক। তখন নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে এবং গণতন্ত্র ও মানবাধিকারকে নির্বাসনে পাঠানো হয়েছিল।” তিনি সতর্ক করে বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে যারা একত্রে আন্দোলন করেছে, তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুবা বিদেশে পালিয়ে থাকা অপশক্তি আবারও ফিরে এসে দেশে দুঃশাসন কায়েম করার চেষ্টা করবে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ত্যাগের কথা স্মরণ করে তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশে আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না এবং কোনো রাজনৈতিক দলই স্বৈরশাসন ফিরিয়ে আনার চেষ্টা করবে না। মানুষ যেন নির্বিঘ্নে তাদের পছন্দের সরকার বেছে নিতে পারে, সেই পরিবেশ বজায় রাখাই বর্তমান সময়ের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে আয়োজিত এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চানের সঞ্চালনায় স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্পিকার এ সময় দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ব্যবসায়ীদের গঠনমূলক ভূমিকা পালনেরও আহ্বান জানান।





















