নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সস্ত্রীক ঢাকায়
- আপডেট সময় ১০:৩১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 190
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তাঁর স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছেছেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
ঢাকায় পৌঁছে দেওয়া এক বিবৃতিতে ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশার কথাও জানান তিনি।
ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশ এমন একটি দেশ, যার সঙ্গে তাঁর ব্যক্তিগত স্মৃতি জড়িয়ে আছে, ফলে এখানে ফিরতে পেরে তিনি ও তাঁর স্ত্রী দুজনই আনন্দিত।
বাংলাদেশে ক্রিস্টেনসেনের এটি প্রথম দায়িত্ব নয়। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিকবিষয়ক কাউন্সেলর হিসেবে কাজ করেছেন।
গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন। পরে মার্কিন সিনেটের অনুমোদনের পর সম্প্রতি তিনি শপথ গ্রহণ করেন। শপথের পর ঢাকার মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে তিনি সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহী।
ক্রিস্টেনসেন ঢাকায় দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত পিটার হাসের উত্তরসূরি হিসেবে। পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাঁর অবসরের পর ঢাকায় চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্বে ছিলেন ট্রেসি অ্যান জ্যাকবসন।
নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডে পররাষ্ট্রনীতি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। দুই দশকের বেশি কূটনৈতিক জীবনে তিনি ওয়াশিংটনের পাশাপাশি ম্যানিলা, সান সালভাদর, রিয়াদ ও হো চি মিন সিটির মার্কিন দূতাবাসেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি ন্যাশনাল ওয়ার কলেজ থেকে জাতীয় নিরাপত্তা কৌশলে মাস্টার্স, টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি থেকে পরিসংখ্যানে মাস্টার্স এবং রাইস ইউনিভার্সিটি থেকে অর্থনীতি ও ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্প্যানিশ, জার্মান ও ভিয়েতনামি ভাষায় তিনি সাবলীলভাবে কথা বলতে পারেন।






















