ফেসবুক-হোয়াটসঅ্যাপ ব্যবহারে দিতে হবে টাকা, নতুন সাবস্ক্রিপশন আনছে মেটা
- আপডেট সময় ০৯:৪০:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / 95
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের জন্য অর্থের বিনিময়ে বিশেষ সুবিধাসমূর্ণ সাবস্ক্রিপশন সেবা চালুর ঘোষণা দিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা।
এতদিন এই তিন প্ল্যাটফর্ম ব্যবহার করতে আলাদা কোনো অর্থ খরচ করতে না হলেও, খুব শিগগিরই সেই চিত্রে পরিবর্তন আসতে যাচ্ছে। মেটার এই নতুন সিদ্ধান্তের ফলে প্ল্যাটফর্মগুলোর অতিরিক্ত কিছু ফিচার ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীদের নির্দিষ্ট হারে মাসিক ফি গুনতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথাগত বিজ্ঞাপননির্ভর আয়ের বাইরে নতুন ব্যবসায়িক পথ খুঁজছে প্রযুক্তি জায়ান্ট মেটা।
সেই লক্ষ্যেই ‘ইনস্টাগ্রাম প্লাস’, ‘ফেসবুক প্লাস’ এবং ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামে নতুন তিনটি সাবস্ক্রিপশন সেবা চালুর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে কনটেন্ট নির্মাতা, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার কিছু নির্দিষ্ট ব্যবহারকারীর মধ্যে এই সুবিধাগুলোর পরীক্ষামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
মেটার দেওয়া তথ্য অনুযায়ী, ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাস সেবা ব্যবহার করতে গ্রাহকদের প্রতি মাসে ৩ দশমিক ৯৯ মার্কিন ডলার খরচ করতে হবে।
অন্যদিকে হোয়াটসঅ্যাপ প্লাসের জন্য মাসিক ব্যয় নির্ধারিত হয়েছে ২ দশমিক ৯৯ মার্কিন ডলার। এই সাবস্ক্রিপশন গ্রহণকারীরা সাধারণ ব্যবহারকারীদের চেয়ে বেশ কিছু বাড়তি সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে প্রোফাইল আরও আকর্ষণীয়ভাবে সাজানোর সুযোগ, বিশেষ অ্যানিমেটেড রিঅ্যাকশন, স্টোরির বিস্তারিত বিশ্লেষণ এবং আরও কিছু এক্সক্লুসিভ ফিচার।
তবে মেটা স্পষ্ট করেছে যে, নতুন এই ‘প্লাস’ সেবাগুলো তাদের বিদ্যমান ‘মেটা ভেরিফায়েড’ সুবিধার বিকল্প বা প্রতিস্থাপন নয়। মেটা ভেরিফায়েড মূলত পরিচয় যাচাই, ভুয়া অ্যাকাউন্ট থেকে সুরক্ষা এবং বিশেষ গ্রাহক সহায়তা প্রদানের জন্য চালু রাখা হয়েছে।
মেটার পণ্য বিভাগের প্রধান নাওমি গ্লেইট জানিয়েছেন, ভবিষ্যতে এসব সাবস্ক্রিপশন প্ল্যানে আরও নতুন সুবিধা যোগ করা হবে এবং ‘মেটা ওয়ান’ নামে একটি নতুন ব্র্যান্ডের আওতায় কোম্পানির বিভিন্ন সাবস্ক্রিপশন সেবা একত্র করার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে।
চলতি বছরের শুরুতেই সাবস্ক্রিপশনভিত্তিক সেবার আভাস দিয়েছিল মেটা এবং এরপর সীমিত পরিসরে এর পরীক্ষামূলক কার্যক্রমও চালানো হয়। মূলত যারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও বেশি নিয়ন্ত্রণ, ব্যক্তিগতকরণ এবং অতিরিক্ত প্রিমিয়াম সুবিধা চান, তাদের লক্ষ্য করেই নতুন এই সেবাগুলো তৈরি করা হয়েছে বলে জানা গেছে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে বর্তমানে সাবস্ক্রিপশনভিত্তিক সেবার জনপ্রিয়তা ক্রমান্বয়ে বাড়ছে। সেই বাণিজ্যিক ধারাকে বজায় রেখে এবার ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকেও নতুন একটি ব্যবসায়িক মডেলে নিয়ে যেতে চাইছে মেটা, যার ফলে ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সার্বিক অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন দেখতে পারেন ব্যবহারকারীরা।


























