ভোরে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান
- আপডেট সময় ১১:৫৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 10
আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় রোববার ভোরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ভেতরে একাধিক হামলার প্রেক্ষাপটে এই অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়েছে।
পাকিস্তানের এই হামলা নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি আফগানিস্তানের তালেবান সরকার। তবে আফগান সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা–কে জানিয়েছে, অন্তত দুটি প্রদেশে পাকিস্তানের সামরিক বাহিনী হামলা চালিয়েছে।
সূত্রের দাবি, পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসা লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। আরেকটি হামলা হয়েছে নানগারহার প্রদেশে।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠী তাহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি) ও সংশ্লিষ্ট সংগঠনের সাতটি গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালিয়েছে। এছাড়া ইসলামিক স্টেট–সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর ক্যাম্পেও আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়।
পাকিস্তানের দাবি, রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে হামলাসহ সাম্প্রতিক কয়েকটি বড় হামলার নির্দেশনা আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতাদের কাছ থেকে এসেছে।
এর আগে শনিবার রাতে খাইবার পাখতুনখাওয়ার বান্নু বিভাগে আত্মঘাতী হামলায় এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা কর্মকর্তা নিহত হন। তার কিছু সময় পরই আফগানিস্তানের ভেতরে এই ড্রোন হামলা চালানো হয়।
গত সোমবার বাজাউরে এক আত্মঘাতী হামলায় ১১ সেনা ও এক শিশু নিহত হন বলে জানিয়েছে পাকিস্তান। ওই হামলায় আফগান নাগরিক জড়িত ছিল বলে দাবি করেছে ইসলামাবাদ।
এরও আগে ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে ৩১ জন নিহত হন। ঘটনাগুলোর জেরে সীমান্ত পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।

























