৫৮ জেলায় হাম, আক্রান্তদের ৭৯ শতাংশেরই বয়স পাঁচের নিচে
- আপডেট সময় ০৩:১৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / 21
দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে দেশের ৫৮টি জেলায় এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যা মোট জেলার প্রায় ৯১ শতাংশ। পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশে হামের বর্তমান অবস্থাকে জাতীয় পর্যায়ে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি এই উদ্বেগজনক তথ্য জানায়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৭৯ শতাংশের বয়স পাঁচ বছরের নিচে। এর মধ্যে ৬৬ শতাংশ শিশুর বয়স দুই বছরের কম এবং ৩৩ শতাংশ শিশুর বয়স ৯ মাসেরও নিচে। বিপুল সংখ্যক শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি এবং একের পর এক সন্দেহজনক মৃত্যুর ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্ত শিশুদের একটি বড় অংশই রাজধানী ঢাকার ডেমরা, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, কড়াইল বস্তি, মিরপুর ও তেজগাঁও শিল্প এলাকাসহ বিভিন্ন ঘনবসতিপূর্ণ বস্তি অঞ্চলের বাসিন্দা। ঢাকা ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলেও এই রোগের বিস্তার আশঙ্কাজনক হারে বাড়ছে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, হামে আক্রান্ত হওয়ার পর শিশুদের মধ্যে দ্রুত নিউমোনিয়াসহ নানা শারীরিক জটিলতা দেখা দিচ্ছে, যা মূলত মৃত্যুঝুঁকি বাড়িয়ে তুলছে। পর্যবেক্ষণে দেখা গেছে, মৃত শিশুদের অধিকাংশেরই আগে থেকে হামের প্রতিষেধক টিকা নেওয়া ছিল না। হাসপাতালগুলোতে শয্যা সংকটের কারণে অনেক শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্তমানে যাতায়াত বা ভ্রমণের ওপর কোনো বিধিনিষেধ আরোপের সুপারিশ করেনি। তবে সংক্রমণ রোধে ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুততম সময়ের মধ্যে টিকার আওতায় আনার ওপর বিশেষ জোর দিয়েছে সংস্থাটি। যথাযথ স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
হঠাৎ তীব্র জ্বর ও শরীরে লালচে দানা দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের জন্য অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে।

























