ত্রয়োদশ সংসদ: স্পিকার মেজর (অব.) হাফিজ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
- আপডেট সময় ১২:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / 16
একটি ঐতিহাসিক ও ব্যতিক্রমী প্রক্রিয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন প্রবীণ রাজনীতিবিদ ও বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অধিবেশন শুরু হলে সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবনায় এবং ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে কণ্ঠভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সাধারণত বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের যাত্রা শুরু হলেও, দ্বাদশ সংসদের স্পিকারের অনুপস্থিতি এবং ডেপুটি স্পিকারের কারাবাসের কারণে এবার জ্যেষ্ঠ সংসদ সদস্যের সভাপতিত্বে এই নির্বাচন সম্পন্ন হলো।
নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের রয়েছে এক বর্ণাঢ্য সামরিক ও রাজনৈতিক জীবন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ‘বীর বিক্রম’ উপাধিতে ভূষিত এই ব্যক্তিত্ব পাকিস্তান ফুটবল দলের অধিনায়ক এবং টানা তিনবার পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব ছিলেন। ১৯৮৬ সালে রাজনৈতিক যাত্রা শুরু করে তিনি এ পর্যন্ত সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সংসদীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা ইতিপূর্বে বাণিজ্য, পাট ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করা ৮১ বছর বয়সী এই রাজনীতিবিদ তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বের দৃঢ়তা দিয়ে সংসদ পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে।
একই অধিবেশনে সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর নাম প্রস্তাব করেন হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তাতে সমর্থন জানান হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজাম। সভাপতির আহ্বানে সংসদ সদস্যদের কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়।
নবনির্বাচিত এই দুই কর্ণধারের হাত ধরে ত্রয়োদশ সংসদের কার্যক্রম এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে সংসদ সদস্যরা প্রত্যাশা ব্যক্ত করেছেন। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মাধ্যমে সংসদের নীতিনির্ধারণী কাঠামো পূর্ণতা পেল।





















