রমজানের আগেই লেবুর বাজারে ‘আগুন’: হালি ঠেকেছে ১২০ টাকায়
- আপডেট সময় ০৫:১২:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 1140
পবিত্র রমজান মাস শুরু হতে এখনো কিছুদিন বাকি, কিন্তু তার আগেই মধ্যবিত্তের পকেট কাটতে শুরু করেছে লেবুর বাজার। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে কয়েক গুণ। রাজধানীর বাজারগুলোতে এখন এক হালি মাঝারি আকারের লেবু কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। অর্থাৎ, একটি সাধারণ লেবুর দামই পড়ছে ৩০ টাকা পর্যন্ত।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, লেবুর এই অস্বাভাবিক দাম দেখে ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। মাসখানেক আগেও যে লেবুর হালি ছিল ৩০ থেকে ৪০ টাকা, এখন তা চার গুণ বেশি দামে বিক্রি হচ্ছে।
কেন এই অস্থিরতা?
বাজারে লেবুর এই আকস্মিক সংকটের পেছনে ব্যবসায়ী ও বাগান মালিকদের কারসাজিকে দায়ী করছেন সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, রমজানে আরও বেশি মুনাফা লোটার আশায় বাগান মালিক ও আড়তদাররা লেবু মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন।
তবে খুচরা ব্যবসায়ীরা এই অভিযোগ অস্বীকার করে সরবরাহ ঘাটতির অজুহাত দিচ্ছেন। কারওয়ান বাজারের লেবু ব্যবসায়ী মান্নান মিয়া জানান, এখন লেবুর ভরা মৌসুম নয়। গাছে নতুন ফুল ও ছোট ফল আসায় বাজারে সরবরাহ কমে গেছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের কারণে কয়েকদিন পরিবহন চলাচল সীমিত থাকায় গ্রাম থেকে পর্যাপ্ত লেবু শহরে পৌঁছাতে পারছে না।
ক্ষুব্ধ সাধারণ মানুষ
বাজারে লেবু কিনতে এসে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। হামিদুর রহমান নামের এক ক্রেতা বলেন, “একটা লেবুর দাম ৩০ টাকা—এটা কি মগের মুল্লুক? রমজানের আগে সিন্ডিকেট করে সবসময় এভাবে দাম বাড়ানো হয়। এখনই বাজার মনিটরিং না করলে রোজার মধ্যে সাধারণ মানুষ লেবু কেনার ক্ষমতা হারাবে।”
লেবুর সাথে বাড়ছে মরিচের ঝাল
কেবল লেবু নয়, স্বস্তি নেই কাঁচামরিচের বাজারেও। গত সপ্তাহের তুলনায় কেজিতে প্রায় ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। গত সপ্তাহে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হওয়া মরিচ এখন ১২০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
রমজান সামনে রেখে নিত্যপণ্যের এই লাগামহীন মূল্যবৃদ্ধিতে বাজার তদারকি জোরদার করার দাবি জানিয়েছেন ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা।


























