সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত, প্রেক্ষাপট গ্রাহক অসন্তোষের
- আপডেট সময় ১১:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 71
নিরাপত্তা শঙ্কার কারণে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় অনুষ্ঠান স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়। বার্তায় অনুষ্ঠান বাতিলের কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’-এর কথা উল্লেখ করা হয়েছে।
পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ উচ্চপদস্থ ব্যাংকার ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা ছিল। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, একীভূত ব্যাংকগুলোর গ্রাহকদের মধ্যে মুনাফা ও আমানত উত্তোলন নিয়ে অসন্তোষ ও উদ্বেগ ছড়িয়ে পড়ায় নিরাপত্তাজনিত কারণেই অনুষ্ঠানটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের পর থেকেই আমানতকারীদের মধ্যে মুনাফা না পাওয়া এবং টাকা উত্তোলনের সীমাবদ্ধতা নিয়ে ক্ষোভ তৈরি হয়। বিভিন্ন স্থানে বিক্ষোভের ঘটনাও ঘটে। এর আগে নিয়ন্ত্রক সংস্থা আমানতকারীদের দুই বছরের মুনাফা হেয়ারকাট করার সিদ্ধান্ত নিলেও সমালোচনার মুখে তা পরিবর্তন করে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বার্ষিক ৪ শতাংশ হারে আংশিক মুনাফা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। সরকারের সরবরাহকৃত মূলধন ২০ হাজার কোটি টাকা এবং বাকি ১৫ হাজার কোটি টাকা প্রাতিষ্ঠানিক ও স্থায়ী আমানত থেকে শেয়ারে রূপান্তর করা হবে।
ব্যাংকটির প্রধান কার্যালয় হবে মতিঝিলের সেনাকল্যাণ ভবনে। আমানত উত্তোলনের ক্ষেত্রে দুই লাখ টাকা পর্যন্ত যেকোনো সময় তোলা যাবে। এর বেশি আমানতের ক্ষেত্রে প্রতি তিন মাসে এক লাখ টাকা করে সর্বোচ্চ দুই বছরে উত্তোলনের সীমা নির্ধারণ করা হয়েছে।






















