রাজনৈতিক মামলা প্রত্যাহার: অব্যাহতি পাবে প্রায় ৫ লাখ মানুষ
- আপডেট সময় ০৯:১৫:০০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 55
আগের আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর বড় একটি অংশ প্রত্যাহারের পথে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ এসব মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (৮ ফেব্রুয়ারি) এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছিল, সেগুলো রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করে প্রত্যাহারের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার।
এই উদ্দেশ্যে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে একটি কমিটি এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর কাছে এসব মামলা প্রত্যাহারের জন্য আবেদন আহ্বান করা হয়।
ভুক্তভোগী দলগুলোর পক্ষ থেকে জমা দেওয়া আবেদন যাচাই-বাছাই করে আন্তঃমন্ত্রণালয় কমিটি বিভিন্ন সময়ে অনুষ্ঠিত ৩৯টি সভার মাধ্যমে মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ চূড়ান্ত করে। সংশ্লিষ্ট কার্যক্রম এখনও চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
























