সিআইডিতে নতুন ভেস্ট বিতরণ,কিউআর কোড স্ক্যান করলেই মিলবে কর্মকর্তার পরিচয়
- আপডেট সময় ০৩:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / 19
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সকল পর্যায়ের কর্মকর্তাদের জন্য আধুনিক ও উন্নতমানের অফিশিয়াল ডিউটি ভেস্ট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ভুয়া পরিচয়ে প্রতারণা রোধে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহর উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়।
সিআইডি বলছে, সাম্প্রতিক সময়ে ভুয়া সিআইডি পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার কয়েকটি ঘটনা বাহিনীটির নজরে আসে। অতীতেও অপরাধী চক্র সিআইডি সদস্য পরিচয় দিয়ে তল্লাশি, ভয়ভীতি প্রদর্শন ও আর্থিক প্রতারণার মত ঘটনা ঘটিয়েছে। নতুন এই অফিশিয়াল ডিউটি ভেস্ট প্রকৃত সদস্য শনাক্তকরণ সহজ করবে এবং ভুয়া পরিচয়ে প্রতারণা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
জানা গেছে, ডিউটি ভেস্টে সংযোজিত কিউআর কোড স্ক্যান করে সিআইডি সদরদপ্তরের সাথে যোগাযোগ স্থাপন করে সংশ্লিষ্ট কর্মকর্তার পরিচয় নিশ্চিত করা যাবে। কিউআর কোডের ফলে কেউ ভুয়া ভেস্ট তৈরি করে প্রতারণার চেষ্টা করলে তা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।
ভেস্টের বিবরণে জানা গেছে, ভেস্টটিতে রিফ্লেকটিভ টেপ ও ফ্লোরোসেন্ট প্রিন্ট সংযোজন করা হয়েছে। অন্ধকার বা স্বল্প আলোতে এগুলো প্রতিফলিত হয়ে দূর থেকে স্পষ্টভাবে দৃশ্যমান হয়। এতে যানবাহনের হেডলাইট বা স্বল্প আলোতেও সদস্যদের উপস্থিতি স্পষ্টভাবে দৃশ্যমান হয়, ফলে দুর্ঘটনার ঝুঁকি কমে এবং আভিযানিক কার্যক্রমে দ্রুত শনাক্তকরণ ও সমন্বিত পরিচালনা সহজ হয়।
এ ছাড়া দীর্ঘ সময় দায়িত্ব পালনের উপযোগী করে আরামদায়ক ও পরিবেশ-সহনশীল উপকরণে ডিউটি ভেস্টটি প্রস্তুত করা হয়েছে। এতে সিআইডি ও বাংলাদেশ পুলিশের নতুন লোগো সংযোজন করা হয়েছে। পাশাপাশি বোতাম ও জিপারেও ‘CID’ লেখা রয়েছে, যা ইউনিটের স্বাতন্ত্র্য ও প্রাতিষ্ঠানিক পরিচিতিকে আরও সুস্পষ্ট করেছে।
সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ জানান, পর্যায়ক্রমে সিআইডির সকল ইউনিটে এই ডিউটি ভেস্ট সরবরাহ করা হবে। আভিযানিক কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালনের সময় এটি পরিধানের নির্দেশ প্রদান করা হয়েছে।























