রংপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- আপডেট সময় ০৮:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 0
রংপুরের তারাগঞ্জে পাথরবোঝাই একটি ট্রাক ও ইউরিয়া সারবোঝাই বিআরটিসির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক হেলপার গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ৭টার দিকে রংপুর–দিনাজপুর মহাসড়কের হাজীপুর এলাকার খারুভাজ ব্রিজের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
নিহতদের মধ্যে পাথরবোঝাই ট্রাকের চালক ইদ্রিস আলী (৩৫)। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলুলী গ্রামের মৃত রহিদুল ইসলামের ছেলে। অপরদিকে, বিআরটিসি ট্রাকের চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে রংপুরগামী পাথরবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-৭১১২) সঙ্গে রংপুর থেকে সৈয়দপুরগামী বিআরটিসি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-৯০৭৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকের সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয়।
দুর্ঘটনায় পাথরবোঝাই ট্রাকের হেলপার আরিফুল (৩২) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিহত দুই চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিআরটিসি ট্রাকচালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়ার পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





















