সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন
- আপডেট সময় ০৫:২২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / 23
গ্রেপ্তার হওয়ার আড়াই মাস পর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন আলোচিত সাংবাদিক আনিস আলমগীর।
আজ বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অন্য একটি মামলায় গ্রেপ্তার থাকায় এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না এই সাংবাদিক।
আদালতে আনিস আলমগীরের পক্ষে শুনানি করেন আইনজীবী তামান্না ফেরদৌস। তিনি জানান যে, গত ১৯ ফেব্রুয়ারি এই মামলায় জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেছেন। তবে দুদকের একটি মামলায় তাকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে। ওই মামলাটি বর্তমানে আইনি প্রক্রিয়ায় রয়েছে এবং সেটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার মুক্তি মিলছে না।
উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে গোয়েন্দা পুলিশের একটি দল জিজ্ঞাসাবাদের কথা বলে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। একই দিন মধ্যরাতে আরিয়ান আহমেদ নামে এক ব্যক্তি ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামক সংগঠনের সদস্য পরিচয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে এই মামলাটি করেন। মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ আরও তিনজনকে আসামি করা হলেও আনিস আলমগীরকে পাঁচ দিনের রিমান্ড শেষে ২০ ডিসেম্বর কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে গত ১৫ জানুয়ারি তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
আনিস আলমগীরের স্ত্রী শাহনাজ চৌধুরী এই গ্রেপ্তারকে ‘স্বাধীন মত প্রকাশের ওপর আঘাত’ হিসেবে দাবি করেছেন। তিনি প্রশ্ন তোলেন যে, একই মামলার অন্য আসামিরা স্বাধীনভাবে চলাফেরা করলেও কেন শুধু আনিস আলমগীরকে কারাগারে থাকতে হচ্ছে। দুদকের মামলাটিকেও তিনি ‘মিথ্যা’ বলে আখ্যায়িত করেছেন। দীর্ঘ কর্মজীবনে দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করা আনিস আলমগীর সমসাময়িক রাজনীতি নিয়ে টেলিভিশন টকশো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যের জন্য ব্যাপকভাবে পরিচিত।























