তাহসিফের সঙ্গে সিসিটিভিতে দেখা তরুণী গ্রেপ্তার, রিমান্ডের আবেদন
- আপডেট সময় ০৩:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 36
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দিশা (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। ঘটনার আগে তাহসিফের সঙ্গে তাঁকে দেখা যাওয়ার তথ্য এবং প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতার বিষয় সামনে আসায় তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, শনিবার রাতে দিশার খালার বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার বলেন, ঘটনার আগে তাহসিফের সঙ্গে ওই তরুণীকে দেখা গেছে। প্রাথমিক তদন্তে এ ঘটনায় তাঁর সম্পৃক্ততার বিষয়টি সামনে এসেছে। এ কারণে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে।
গত ২৭ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারের সিসিটিভি ফুটেজে তাহসিফ, তাঁর জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ এবং দিশাকে একসঙ্গে দেখা যায়।
ফুটেজে দেখা গেছে, রাত ১০টা ১৭ মিনিটে মোটরসাইকেলে করে তাঁরা রেস্টুরেন্টে পৌঁছান। পরে তিনজনকে একসঙ্গে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। অন্য একটি ক্যামেরার ফুটেজে তাহসিফ ও ওই তরুণীকে লিফটের সামনে অপেক্ষা করতে দেখা যায়। কিছুক্ষণ পর হেলমেট পরা অবস্থায় সেখানে পৌঁছান দীপ। এরপর তিনজন একসঙ্গে লিফটে ওঠেন।
প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে তাঁদের রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা যায়। পরে তাঁরা মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান।
এর পরদিন ২৮ অক্টোবর বিকেলে রাজধানীর উত্তরখানের তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ি। তাঁর মৃত্যুর ঘটনায় তদন্তের অংশ হিসেবে দিশাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

















