সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তারের হুঁশিয়ারি
- আপডেট সময় ০৩:০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 20
সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় ঘোরাফেরা করতে দেখলে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী। কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, এ অপরাধ দমনে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনের লক্ষ্যে কক্সবাজার জেলা পুলিশ এ সমাবেশের আয়োজন করে।
অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে ডিআইজি বলেন, সন্তানদের ওপর অভিভাবক ও শিক্ষকদের যথাযথ নিয়ন্ত্রণ ও নজরদারি নেই। যে বয়সে শিক্ষার্থীদের বই-খাতা নিয়ে পড়াশোনায় ব্যস্ত থাকার কথা, সে সময় তাদের বিকেলে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। এ সময় নানা অঙ্গভঙ্গি করা ও শিস দেওয়ার মতো ঘটনাও ঘটছে।
পারিবারিক শাসন ও নজরদারির ঘাটতিকে কিশোর গ্যাং গড়ে ওঠার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, কিশোর গ্যাং নির্মূলে পুলিশ সিদ্ধান্ত নিয়েছে। দেশে এ ধরনের অপরাধী গোষ্ঠীর অস্তিত্ব যেন না থাকে, সে লক্ষ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত রাখা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। এতে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান এবং জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, কক্সবাজার শহরে নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সম্প্রতি কার্যকর কিছু পদক্ষেপ নিয়েছে। তবে অপরাধ দমনে পুলিশের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকেও সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

















