পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- আপডেট সময় ০৩:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 13
পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগের দিনের তুলনায় তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে সন্ধ্যা ও ভোরে শীতের অনুভূতি বাড়ছে, পাশাপাশি দেখা দিচ্ছে কুয়াশা।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, গত কয়েক দিন ধরে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। তবে সোমবার তা কমে ১৬ দশমিক ১ ডিগ্রিতে পৌঁছেছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
এর আগে রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় আবহাওয়ার চিত্রে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। ভোরে সূর্যের দেখা মিললেও দিনের বেশির ভাগ সময় প্রখর রোদ থাকে। কিন্তু সন্ধ্যা নামার পর থেকেই বাড়তে থাকে ঠান্ডার অনুভূতি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়ে। ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করে।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আমেজ বাড়িয়ে দিচ্ছে। তবে দিনের বেলায় সূর্যের তাপ বাড়লে ঠান্ডার অনুভূতি অনেকটাই কমে আসে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, পঞ্চগড়ে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। রাত ও ভোরে কুয়াশার প্রবণতাও বাড়ছে। তবে দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে, আর রাত ও ভোরে বাড়ছে ঠান্ডা।
তিনি জানান, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। এতে জেলায় শীতের অনুভূতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।






















