হাসিনা আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে শূন্য করার চক্রান্ত ছিল
- আপডেট সময় ০৪:৫৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 19
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, হাসিনা সরকারের আমলে স্থাপনাগুলোর সম্পদ পরিত্যক্ত ফেলে রেখে কিংবা বিক্রি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে শূন্য করে দেওয়ার চক্রান্ত ছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে সরকারি স্থাপনা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ একর জমি ও পরিত্যক্ত কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, সরকারের সব স্থাপনা ও সম্পদ যেন সঠিকভাবে ব্যবহার করা হয়। নির্বাচিত গণতান্ত্রিক সরকার হিসেবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্পত্তিগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে।
আহমেদ আযম খান বলেন, ইস্টার্ন কেমিক্যালের ১০ একর জমি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় রাষ্ট্রের ব্যাপক ক্ষতি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ক্ষতি আর হতে দেওয়া হবে না। সেখানে বড় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য। ঢাকায় ফিরে আলোচনা করে এলাকার জন্য সবচেয়ে উপযোগী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে সফরসঙ্গী মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ইস্টার্ন কেমিক্যালের পরিত্যক্ত জমি ও কারখানা কীভাবে প্রকল্পের আওতায় এনে কাজে লাগানো যায়, তা পর্যালোচনা করা হচ্ছে। দুই দিনের চট্টগ্রাম সফরে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অন্যান্য সম্পত্তিও একইভাবে সরেজমিনে পরিদর্শন করা হবে।
এ সময় রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























