ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা কলম্বিয়ার
- আপডেট সময় ০৬:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 11
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। আন্তর্জাতিক সন্ত্রাসী ও মাদক-সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে ইরানের কথিত যোগাযোগ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১৯ সেপ্টেম্বর থেকেই সিদ্ধান্তটি কার্যকর হয়েছে। আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমন ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাকে এ সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে সরকার।
কলম্বিয়ার অভিযোগ, ইরান দেশটির নিরাপত্তার জন্য হুমকি তৈরি করা মাদক-সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক রাখছে। তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নিয়েও সমালোচনা করেছে কলম্বিয়া। বিশেষ করে হরমুজ প্রণালীতে নৌযান চলাচলে বাধা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলার জন্য ইরানকে দায়ী করেছে বোগোতা।
তবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হলেও ইরানের সঙ্গে কনস্যুলার ও নাগরিকসেবা-সংক্রান্ত যোগাযোগ চালু রাখবে কলম্বিয়া।
গত ৭ আগস্ট বামপন্থী সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর কাছ থেকে ক্ষমতা নেওয়ার পর নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দেশের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনছেন। ক্ষমতা নেওয়ার আগে তিনি কিউবা ও নিকারাগুয়ার মতো বামপন্থী সরকারের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে এখনো ওই দুই দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেননি।
সূত্র: আনাদোলু


























