ইরানের অত্যাধুনিক অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে: আইআরজিসি
- আপডেট সময় ১২:২২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 38
যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে ইরানের নতুন ও অত্যাধুনিক সামরিক সক্ষমতা দেখে বিশ্ব ‘অবাক’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি এ হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মোহেব্বি বলেন, নতুন করে মার্কিন হামলা হলে ইরানের প্রতিরক্ষা ও পাল্টা হামলার কৌশলে বড় ধরনের পরিবর্তন আনা হবে। এর মধ্যে যুদ্ধের পরিধি বাড়ানোর পাশাপাশি নতুন ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহারের বিষয়টিও থাকবে।
তিনি বলেন, ইরান নতুন ও আধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধক্ষেত্রে নামবে, যা দেখে বিশ্ব চমকে যাবে। পরবর্তী হামলায় ইরানের লক্ষ্যবস্তু আগের জায়গাগুলোতে সীমাবদ্ধ থাকবে না। এরই মধ্যে নতুন কয়েকটি লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছে, যেখানে আগে হামলা চালানো হয়নি।
আইআরজিসির এই মুখপাত্র আরও দাবি করেন, চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘ঐতিহাসিক ও অপমানজনক’ পরাজয়ের মুখে পড়েছে। এর উদাহরণ হিসেবে তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকার কথা উল্লেখ করেন।
মোহেব্বির দাবি, যুক্তরাষ্ট্র সব ধরনের শক্তি প্রয়োগ করেও জলপথটি পুনরায় চালু করতে পারেনি। একই সঙ্গে পারস্য উপসাগর ও উত্তর ইরাকে থাকা মার্কিন গোয়েন্দা ঘাঁটিগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলেও তিনি দাবি করেন।
তার ভাষ্য, এসব হামলা দেখিয়েছে যে ওই ঘাঁটিগুলো এখন ইরানের নাগালের মধ্যে রয়েছে।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমিয়ে আলোচনায় ফেরাতে কাতার মধ্যস্থতার চেষ্টা করছে বলে জানিয়েছে আল জাজিরা।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, আলোচনা পুনরায় শুরু করতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারীরা নিয়মিত যোগাযোগ রাখছেন। মতপার্থক্য কমিয়ে সমঝোতায় পৌঁছাতে দুই পক্ষের মধ্যে একাধিক প্রস্তাবও আদান-প্রদান হচ্ছে।
সূত্র: আল জাজিরা





















