ডাকসু থেকে তুলে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি
- আপডেট সময় ০৪:৩৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 29
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর একটি ছবি তুলে ভেঙে ফেলা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ‘ছি ছি জিন্নাহ’ বলতে বলতে ছবিটি ভেঙে ফেলছেন। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সংস্কার শেষে রোববার ডাকসুর সংগ্রহশালা চালু করা হয়। সেখানে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি রাখা হয়েছিল।
ছবিগুলোর মধ্যে একটি ছিল ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত একটি অনুষ্ঠানের। ওই অনুষ্ঠানে জিন্নাহ ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’ ঘোষণা দিয়েছিলেন।
সংগ্রহশালায় জিন্নাহর এসব ছবি যুক্ত করার বিষয়টি প্রকাশের পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর পরদিনই ডাকসু থেকে একটি ছবি তুলে ভেঙে ফেলার ঘটনা ঘটল।

























