নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 24
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৯ এপ্রিল) ভোররাতে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আজাহার আলী (৪৫), জাহাঙ্গীর আলম (৪৪), সৈকত (৩০), আবু হোসেন (৩৫) ও হাসান (৩০)। এছাড়া বগুড়া জেলার গাবতলী উপজেলার রনি (৩২) ও হামিদুল ইসলাম (৩২) এই চক্রের সাথে জড়িত ছিলেন।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদ পাওয়া যায় যে সান্তাহার-নাটোর সড়কের সাহাপুর এলাকায় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত সাহাপুর এলাকায় শহিদুলের ছমিলের সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাতজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়, যদিও এই সময় চক্রের আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশি অস্ত্র, রেজিস্ট্রেশনবিহীন একটি ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত অটোভ্যান এবং আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য। তারা জয়পুরহাট ও বগুড়াসহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে সড়কে ডাকাতি ও ছিনতাই করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এই চক্রটিকে গ্রেপ্তারের ফলে সড়কে ডাকাতির ঘটনা উল্লেখযোগ্য হারে কমে আসবে।”
পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীব ব্যানার্জীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























