শায়খ আহমাদুল্লাহর ভিসা আবেদন বাতিল করল অস্ট্রেলিয়া
- আপডেট সময় ১১:২৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 28
বিতর্কিত মন্তব্যের জেরে মাওলানা মিজানুর রহমান আজহারীর পর এবার বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। ইহুদি সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর বক্তব্য এবং বিশ্বজুড়ে অস্থিরতার জন্য তাদের দায়ী করার অভিযোগে গত রোববার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়। প্রভাবশালী অস্ট্রেলীয় গণমাধ্যম ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’ এই খবরটি নিশ্চিত করেছে।
মূলত সিডনিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল শায়খ আহমাদুল্লাহর। কিন্তু তার আগে পুরনো কিছু ভিডিও বক্তব্যে তাকে বলতে শোনা যায়, পৃথিবীর যাবতীয় অশান্তির মূলে রয়েছে ইহুদিদের ষড়যন্ত্র। এই বক্তব্যকে চরম ইহুদিবিদ্বেষী হিসেবে গণ্য করেছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। দেশটির অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট জানিয়েছেন, যারা ঘৃণা ও বিদ্বেষ ছড়ায় তাদের প্রতি অস্ট্রেলিয়া সরকারের কোনো সহনশীলতা নেই এবং আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভিসা বাতিলের ফলে শায়খ আহমাদুল্লাহ বর্তমানে অস্ট্রেলিয়ার বাইরে থাকলেও ভবিষ্যতে দেশটিতে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে সিডনি, ক্যানবেরা, অ্যাডিলেড এবং পার্থে তার নির্ধারিত সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দেশটির বিরোধী দলও ঘৃণা ছড়ানোর অভিযোগে এই ঘটনার কড়া সমালোচনা করেছে। বর্তমানে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে দেশটিতে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে কি না, তা নিয়ে গুরুত্বের সাথে বিচার-বিশ্লেষণ করছে।






















