যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল অর্ধশতাধিক প্রাণ
- আপডেট সময় ০৭:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / 9
যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তবে চালকের বুদ্ধিমত্তা ও দ্রুত তৎপরতায় বাসে থাকা অর্ধশতাধিক যাত্রী অক্ষ ত অবস্থায় প্রাণে বেঁচে গেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরের পর যশোরের মনিহার এলাকা থেকে ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি বাস অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে বিকট শব্দ হয়ে বাসটি বন্ধ হয়ে গেলে আতঙ্কিত যাত্রীরা দ্রুত জানালা ও দরজা দিয়ে নিরাপদে বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল ইসলাম জানান, বাসটি ছাড়ার আগেই চালক মালিকপক্ষকে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছিলেন। কিন্তু মালিকদের জোরাজুরিতে চালক বাসটি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিতে বাধ্য হন।
তিনি আরও জানান, বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। মালিকপক্ষের গাফিলতি প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।





















