খুলনায় একই পরিবারের চারজনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
- আপডেট সময় ০৪:১৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 0
খুলনা নগরীতে ভোরবেলায় সশস্ত্র হামলার ঘটনায় একই পরিবারের চারজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে লবণচরা থানার খাদিজাবাগ এলাকার কৃষ্ণনগর ঠিকারবাদে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—কাজী আনিসুর রহমান, তাঁর স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও পুত্রবধূ ফহিমা। এর মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ফহিমার অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধ ও সম্পর্কজনিত জটিলতা থেকে এই হামলার সূত্রপাত। কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুলের সঙ্গে এক ব্যক্তির পরিচয়ের মাধ্যমে পরিবারের সঙ্গে ওঠাবসা তৈরি হয়। পরবর্তীতে সেই ব্যক্তির স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ের ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে।
এ ঘটনার জেরে ক্ষোভ থেকে পরিকল্পিত হামলা চালানো হয় বলে ধারণা করছে এলাকাবাসী। হামলার সময় একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়।
খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন জড়িত থাকতে পারে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

























