মেহেদীর ৬ উইকেট, নাঈমের সেঞ্চুরি
- আপডেট সময় ০৮:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 70
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই বল হাতে উজ্জ্বল ছিলেন শেখ মেহেদী হাসান। তাঁর ৬ উইকেটের নৈপুণ্যে মাত্র ১১৯ রানে গুটিয়ে গেছে রাজশাহী বিভাগ। জবাবে দিন শেষে ১ উইকেটে ১০৮ রান করেছে খুলনা বিভাগ। দিনের অন্য ম্যাচে নাঈম শেখের দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেট বিভাগের বিপক্ষে ২ উইকেটে ৩৪৩ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ঢাকা বিভাগ।
রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন সাব্বির হোসেন। এস এম মেহরবের ব্যাট থেকে আসে ২১ রান। খুলনার হয়ে ৩৮ রান খরচায় ৬ উইকেট নেন মেহেদী।
১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় খুলনা। দুই ওপেনার এনামুল হক বিজয় ও আজিজুল হাকিম তামিম মিলে যোগ করেন ৪৪ রান। ৩৭ বলে ২২ রান করে আউট হন বিজয়। অন্য প্রান্তে ফিফটি তুলে নেওয়া তামিম ৯৯ বলে ৫৫ রান করে অপরাজিত আছেন। কালাম সিদ্দিকী অলিন অপরাজিত আছেন ২৮ রানে।
দিনের অন্য ম্যাচে সিলেটের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে ঢাকা বিভাগ। উদ্বোধনী জুটিতে নাঈম শেখ ও জিসান আলম যোগ করেন ১৫৫ রান। ৮১ রান করে আউট হন জিসান। সেঞ্চুরি পূর্ণ করার পর ১৩১ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন নাঈম।
ঢাকার হয়ে আশিকুর রহমান করেন ১০ রান। দিনের বাকি সময় ব্যাটিং সামাল দেন মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলাম অঙ্কন। মার্শাল ৮০ রানে অপরাজিত আছেন। অঙ্কনের সংগ্রহ ৫৩ বলে ৩২ রান। সিলেটের হয়ে দুটি উইকেটই শিকার করেন নাসুম আহমেদ।
























