২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ
- আপডেট সময় ০২:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 22
দীর্ঘ ২৩ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আজ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দুই ম্যাচের এই টেস্ট সিরিজের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করেছে। আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ২২ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। এছাড়া দীর্ঘ ২২ বছর পর ডারউইনে ফিরছে টেস্ট ক্রিকেট; যেখানে সর্বশেষ ২০০৪ সালে মারারা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে ২০০৩ সালে ডারউইনে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল লাল-সবুজের দল, যেখানে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন দলটি বড় ব্যবধানে পরাজিত হয়। ২০১৭ সালের পর এটিই দুই দেশের মধ্যে প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে। উল্লেখ্য, ২০২০ সালে বাংলাদেশে একটি সিরিজ নির্ধারিত থাকলেও করোনা মহামারির কারণে তা স্থগিত হয়ে গিয়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার আসন্ন দুই ম্যাচের সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অন্তর্ভুক্ত। এই সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার এক ব্যস্ততম টেস্ট মৌসুমের যাত্রা শুরু হবে। সিএ-র প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানান, আন্তর্জাতিক সূচি বর্তমানে বেশ ঠাসা হলেও আগস্টে বিশ্বমানের ভেন্যু পাওয়ায় তারা আনন্দিত। এর ফলে মূল গ্রীষ্মকালীন মৌসুমের বাইরেও টেস্ট আয়োজনের নতুন পথ প্রশস্ত হলো।
গত জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে অ্যাশেজ জয়ের পর বাংলাদেশের সঙ্গেই প্রথম টেস্ট সিরিজে মাঠে নামছে অস্ট্রেলিয়া। এই সিরিজ শেষ করেই অক্টোবর মাসে তিন টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অজিরা। ডারবান, গেবারা এবং কেপটাউনে অনুষ্ঠিতব্য সেই সিরিজের পাশাপাশি জিম্বাবুয়েতে একটি ওয়ানডে সিরিজও খেলবে অস্ট্রেলীয় দল।
বিদেশের মাটিতে ব্যস্ত সূচি শেষ করে ঘরের মাঠে ফিরবে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলার পর নিউজিল্যান্ডের সাথে টেস্ট লড়াইয়ে নামবে তারা। তবে আগামী বছরের বড় আকর্ষণ হতে যাচ্ছে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এছাড়া টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উদযাপনে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে একটি বিশেষ টেস্ট খেলবে অজিরা। উল্লেখ্য, চলতি বছরের জুনে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের।
























