অস্ট্রেলিয়ার কিংবদন্তি বব সিম্পসনের মৃত্যু
- আপডেট সময় ১২:৩৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / 293
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও দেশটির প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন সিডনিতে ৮৯ বছর বয়সে মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
১৯৫৭ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৬২ টেস্ট খেলেছেন সিম্পসন। ব্যাট হাতে করেছেন ৪ হাজার ৮৬৯ রান, নিয়েছেন ৭১ উইকেট এবং ধরেছেন ১১০ ক্যাচ। অধিনায়ক হিসেবে খেলেছেন ৩৯ টেস্ট, করেছেন ১০ সেঞ্চুরি। ১৯৬৪ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে করা তাঁর ৩১১ রান আজও স্মরণীয়।
খেলোয়াড়ি জীবনের পর কোচ হিসেবেও রেখে গেছেন অমলিন ছাপ। ১৯৮৬ সালে কোচের দায়িত্ব নিয়ে অ্যালান বোর্ডারের সঙ্গে মিলে অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন সংস্কৃতি গড়ে তোলেন তিনি। তাঁর হাত ধরেই উঠে আসেন স্টিভ ওয়াহ, ডেভিড বুন, শেন ওয়ার্ন, মার্ক টেলর, রিকি পন্টিংয়ের মতো তারকারা।
সিম্পসনের অধীনেই অস্ট্রেলিয়া ১৯৮৭ সালে প্রথম বিশ্বকাপ জয় করে, ১৯৮৯ সালে পুনরুদ্ধার করে অ্যাশেজ এবং ১৯৯৫ সালে ওয়েস্ট ইন্ডিজকে সরিয়ে নেয় টেস্টে এক নম্বর আসন।
অস্ট্রেলিয়ান ক্রিকেটের এই রূপকার ১৯৭৮ সালে পান অর্ডার অব অস্ট্রেলিয়া, ২০০৭ সালে উন্নীত হন অফিসার অব দ্য অর্ডারে। পাশাপাশি জায়গা করে নেন আইসিসি ও অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমে।

























