পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির
- আপডেট সময় ০৪:৪৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 7
রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে ঘটা এই সংঘর্ষে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ছাত্রদলের রক্ত ঝরালে, রক্তের বদলা নেওয়া হবে।”গণপরিবহন , বাংলাদেশ , সংঘর্ষ, ছাত্রদল
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে রাকিব এই হুঁশিয়ারি দেন। তিনি অভিযোগ করেন, শিবিরের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রাবাসের রুমে ঢুকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এক সহযোদ্ধাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার দাবিও করেন তিনি।
রাকিবুল ইসলাম রাকিব তাঁর স্ট্যাটাসে আরও লেখেন, “ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শিবির সন্ত্রাসীদের প্রতিহত করা হবে। বিগত সাড়ে ১৫ বছর ছাত্রদলের রক্ত ঝরেছে, আর গত দেড় বছর প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদল মবের শিকার হয়েছে। অনেক ছাড় দেওয়া হয়েছে, আর ছাড় দেওয়া হবে না।” তিনি এই হামলার দায় ছাত্রদলের ওপর চাপানোর অপচেষ্টাকে ‘মোনাফেকি’ হিসেবে অভিহিত করে দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
জানা গেছে, মধ্যরাতের ওই সংঘর্ষে অন্তত ৬ শিক্ষার্থী গুরুতর জখম হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পলিটেকনিক কর্তৃপক্ষ ঘটনা তদন্তে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে।




















