শ্রমিকদের জন্য হেল্থ কার্ড ও যাতায়াতে ওভার ব্রিজের প্রতিশ্রুতি তারেক রহমানের
- আপডেট সময় ১১:৫৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / 74
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত অধিকার ও গণতন্ত্রকে রক্ষা করতে হবে। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে কাঙ্ক্ষিত একটি রাষ্ট্র গড়ে তুলতে। মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
গাজীপুরকে গার্মেন্ট শিল্পের রাজধানী উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই শিল্পের সূচনা এবং বিদেশে শ্রমিক পাঠানোর মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। অন্যদিকে বেগম খালেদা জিয়া বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। বিএনপি আগামীতে ক্ষমতায় এলে আরও নতুন নতুন কারখানা স্থাপন করে রপ্তানি বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।
তারেক রহমান সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বেশ কিছু সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, খেটে খাওয়া মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার তৈরি করা হবে। গাজীপুরের যানজট নিরসনে জয়দেবপুর রেলক্রসিংয়ে ওভার ব্রিজ নির্মাণ এবং শিল্পবর্জ্যে দূষিত চিলাই, তুরাগ ও লবনদহ খাল খননের আশ্বাস দেন তিনি। এছাড়া শ্রমিকদের আবাসন সমস্যা সমাধান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘হেল্থ কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেন।
জনসভায় তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে আহ্বান জানান, এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষের প্রার্থীদের জয়ী করতে হবে। ভোট কেন্দ্র রক্ষায় ১২ তারিখ ভোরেই ভোটারদের লাইনে দাঁড়ানোর নির্দেশনা দেন তিনি।






















