রাষ্ট্র মেরামতে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করছেন: তথ্যমন্ত্রী
- আপডেট সময় ০৪:৩৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / 36
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার, ১০ জুলাই সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, বৃক্ষরোপণ শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি জাতীয় দায়িত্ব। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। তবেই একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপ্রধান হিসেবে নয়, রাষ্ট্রনায়ক হিসেবে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি দেশের উন্নয়নে আত্মনিবেদিতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠান পরিচালনা করেন ৪৫তম শাহাদাতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















