স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন আইজিপি বাহারুল আলম
- আপডেট সময় ০৮:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 181
চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে আজ রবিবার বিকেল পর্যন্ত সেটি গ্রহণ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সকালে পুলিশ সদর দপ্তরে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা প্রস্তুতি ও নিয়মিত সভায় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আইজিপি। ওই সভাতেই তিনি তাঁর পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। এ সময় উপস্থিত জ্যেষ্ঠ কর্মকর্তারা তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও, দুপুরের দিকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “আইজিপির পদত্যাগপত্রটি মন্ত্রণালয় হাতে পেয়েছে বলে শুনেছি, তবে সেটি এখনও গৃহীত হওয়ার কোনো খবর পাইনি।”
এর আগে গত জানুয়ারি মাসে আইজিপি তাঁর সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনিক রদবদলের ধারাবাহিকতায় ২১শে নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন।
অন্তর্বর্তী সরকার তাঁকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে এই পদে নিয়োগ দিয়েছিল। সেই অনুযায়ী চলতি বছরের ২০শে নভেম্বর তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।
একাধিক পুলিশ কর্মকর্তা জানান, নির্বাচন অনুষ্ঠানের পরপরই দায়িত্ব ছাড়ার বিষয়ে আইজিপি তাঁর ঘনিষ্ঠজনদের কাছে ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সরকার এই মুহূর্তে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করতে আগ্রহী নয়।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “তিনি পদত্যাগপত্র জমা দিলেও সেটি গ্রহণ করা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার। নতুন সরকার আগামী মঙ্গলবার দায়িত্ব নিতে যাচ্ছে, তাই পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি সময়ের ওপর নির্ভর করছে।” জানা গেছে, নতুন সরকার শপথ নেওয়ার পর তাদের কাছে পুনরায় পদত্যাগপত্র জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।



















