বাংলাদেশ থেকে কূটনৈতিকদের পরিবার ফিরিয়ে নিচ্ছে ভারত
- আপডেট সময় ১০:২৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / 88
নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনৈতিক কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।
ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশন ছাড়াও খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে থাকা সহকারী হাইকমিশনগুলোতে কর্মরত কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের পর্যায়ক্রমে ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ভারতের কূটনৈতিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। ঢাকার হাইকমিশনসহ সব সহকারী হাইকমিশন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো খোলা থাকবে এবং নিয়মিত কার্যক্রম চলবে।
তারা আরও জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ। কেবল পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হচ্ছে, তবে কূটনীতিক ও কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ভারতের এমন সিদ্ধান্তকে বাড়তি সতর্কতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
























